সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁদের নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ কিংবা ঘটনাটি মক্কার কোন মসজিদে ঘটেছিল, তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে যুক্ত করে বিভিন্ন দাবি করা হয়।
তবে ‘দ্য হলি মস্কস’ তাদের এক্স পোস্টে জানায়, ভাইরাল ভিডিওটি ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার প্রমাণ নয়। ভিডিওটি ব্যবহার করে ছড়ানো দাবিগুলো বিভ্রান্তিকর।
এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশি মিশনকে বিষয়টি জানানো হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও যাচাই ছাড়া ভাইরাল ভিডিওকে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার প্রমাণ হিসেবে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন