প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব সুদৃঢ় করা এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিআইআইএসএস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ এখন বিশ্বজুড়ে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে পারস্পরিক অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপান বাংলাদেশের দীর্ঘদিনের ও বড় উন্নয়ন সহযোগী। বেশ কিছু মেগা প্রকল্পে তাদের বিনিয়োগ দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতা দিয়েছে।”
হুমায়ুন কবির আরও স্মরণ করিয়ে দেন, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সম্মেলন ও সংলাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে কার্যকর বক্তব্য দেন, যা জাপানি সরকারের কাছে বাংলাদেশের আস্থা বাড়িয়ে তোলে।
এ ছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শিগগিরই সুবিধাজনক সময়ে দেশটি সফর করবেন। একই সঙ্গে সৌদি যুবরাজকেও বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পবিত্র মক্কা ও মদিনা সুরক্ষার প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, মুসলিম বিশ্বের পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ও আপসহীন ভূমিকা রাখবে।
সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ, বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন।

মন্তব্য করুন