বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এসব প্রচারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে সব সময় ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন