ছাপাখানা থেকে নির্ধারিত মানের চেয়ে নিম্নমানের পাঠ্যবই সরবরাহ করা হলে তা গ্রহণ না করে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে চাহিদার তুলনায় কম বই সরবরাহ করা হলেও তা গ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পাঠ্যবইয়ের কাগজের মান, বাঁধাই ও অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারিত শর্ত অনুযায়ী হতে হবে। কোনো ছাপাখানা এসব শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে বই ফেরত দিতে হবে। নির্ধারিত পরিমাণের চেয়ে একটি বইও কম গ্রহণ না করার জন্য মাদরাসাপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, এবার স্কুল, কলেজ ও মাদরাসার পরীক্ষা শেষে ছুটি শুরুর দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বইয়ের মান যাচাইয়ের পরই ছাপাখানাগুলোর বকেয়া বিল পরিশোধ করা হবে। অতীতে নির্ধারিত মানের কাগজ ব্যবহার না করা এবং সময়মতো বই সরবরাহ না করার অভিযোগ ছিল উল্লেখ করে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সমাবেশে মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়ন নিয়েও কথা বলেন এহছানুল হক মিলন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও সাধারণ শিক্ষায় দক্ষ করে তোলা প্রয়োজন। ব্যবসায় শিক্ষা, প্রশাসনিক দায়িত্ব এবং উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৭৭ হাজার নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। তিনি আলেম-ওলামাদের সঙ্গে সরকারের যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়ানোর আহ্বান জানান। সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী।

মন্তব্য করুন