ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে ধর্না ও বিক্ষোভ করার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) নিউ দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর বসে অবস্থান ধর্মঘট পালনের সময় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দিয়েছে তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধনের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা করে দিতেই এই অনিয়ম চালানো হচ্ছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
শনিবার রাজধানীর যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পুরো দিল্লিতে ব্যাপক নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে পুলিশ। বিক্ষোভের অনুমতি না দিয়ে সাউথ অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়, বন্ধ রাখা হয় নির্দিষ্ট এলাকার সীমান্ত ও মেট্রো চলাচল।
বিক্ষোভের অংশ হিসেবে সাউথ অ্যাভিনিউতে অবস্থান নিলে মমতা ব্যানার্জীসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। একই সাথে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও আটক করেছে পুলিশ। বিরোধী নেতাকর্মীদের আটক সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।