মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনে থাকা একটি স্যুট ঘিরে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। তুলনামূলক কম দামি ব্র্যান্ডের স্যুট পরায় বিষয়টি নজর কেড়েছে অনেকের। তবে বাংলাদেশে এ নিয়ে আগ্রহের কারণ ভিন্ন—স্যুটটি চীন অথবা বাংলাদেশে তৈরি হয়ে থাকতে পারে বলে দাবি করেছে সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক সমাবেশে নেভি ব্লু রঙের স্যুট পরে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প। ওই অনুষ্ঠানের একটি ছবিতে স্যুটটি যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড ‘জস. এ. ব্যাংক’-এর বলে শনাক্ত করা হয়।
তুলনামূলক সাশ্রয়ী পোশাকের জন্য পরিচিত এ ব্র্যান্ডের স্যুট ট্রাম্পের মতো ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্টের পছন্দ হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিলাসবহুল জীবনযাপন ও দামি পণ্যের সঙ্গে পরিচিত। নিজের নামে উচ্চমূল্যের ঘড়ি বিক্রির পাশাপাশি বিভিন্ন বিলাসবহুল সম্পদের জন্যও তিনি আলোচনায় থাকেন। সে কারণে তুলনামূলক কম দামি ব্র্যান্ডের স্যুট পরার বিষয়টি অনেকের নজরে এসেছে।
তবে এ আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে তার রাজনৈতিক অবস্থানও। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে যুক্তরাষ্ট্রের উৎপাদন ও দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। অথচ ‘জস. এ. ব্যাংক’ ব্র্যান্ডের অনেক পোশাক এশিয়ার বিভিন্ন দেশে তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্যুটটি বাংলাদেশে তৈরি হয়ে থাকলে তা দেশের তৈরি পোশাকশিল্পের জন্য আন্তর্জাতিক আগ্রহের বিষয় হতে পারে। তবে ট্রাম্পের পরা নির্দিষ্ট স্যুটটির উৎপাদনস্থল বাংলাদেশ কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এদিকে, ট্রাম্প কেন এই ব্র্যান্ডের স্যুট বেছে নিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি নিছক ব্যক্তিগত পছন্দ, নাকি পোশাক নির্বাচনে পরিবর্তনের ইঙ্গিত—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন