কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ৭৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন। ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমানের বিজি-৪৩৬ ফ্লাইটটি ড্যাশ-৮ উড়োজাহাজ নিয়ে বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকায় অবতরণের নির্ধারিত সময় ছিল বেলা ২টা ৩০ মিনিট। তবে উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

উড়োজাহাজটির দ্বিতীয় হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটির কারণে স্বাভাবিক পদ্ধতিতে সামনের ল্যান্ডিং গিয়ার নামানো সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বেলা ২টা ২০ মিনিটে পাইলট এরিয়া কন্ট্রোলকে জরুরি পরিস্থিতির কথা জানান।

খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরিয়া কন্ট্রোল ঢাকা টাওয়ারকে বিষয়টি জানায়। এরপর বিমানবন্দরের জরুরি সাড়াদান কার্যক্রম শুরু হয় এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় করা হয়।

পরবর্তী সময়ে পাইলট বিকল্প পদ্ধতি ব্যবহার করে উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ার নামাতে সক্ষম হন। এর ফলে বেলা ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঘটনার পর বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জ্যেষ্ঠ বিমান চলাচল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা জরুরি কার্যক্রম সমন্বয় করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে থাকা ৭৮ জন যাত্রী ও চারজন ক্রুর সবাই নিরাপদ ছিলেন।