পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি বন্ধ থাকবে। এ অবস্থায় সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায়। স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট দুটির পরিবর্তিত সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। বিষয়টি নিয়ে বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ।
হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এদিকে, সংশ্লিষ্ট যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী নির্দেশনা বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাই সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন