https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। প্রথমে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও স্থানীয়রা আগুনের বিষয়টি টের পান। তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।