জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ২০২৭ সালের নতুন বৈদ্যুতিক এসইউভি আইএক্স৫ আনছে। একবার চার্জে গাড়িটি ৪৫০ মাইল বা প্রায় ৭২৪ কিলোমিটারের বেশি চলতে পারবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। এতে থাকছে বড় ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি, স্বয়ংক্রিয় দরজা ও উন্নত চালক-সহায়ক ব্যবস্থা।

নতুন আইএক্স৫ বিএমডব্লিউর আইএক্স মডেলের উত্তরসূরি হিসেবে আসছে। এটি আইএক্স৩-এর চেয়ে উচ্চ অবস্থানে থাকবে এবং জ্বালানিচালিত এক্স৫-এর বৈদ্যুতিক বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নেবে।

গাড়িটির অন্যতম আকর্ষণ স্বয়ংক্রিয় দরজা। দরজায় হালকা টান দিলে তা নিজে থেকেই খুলে যাবে। আশপাশে মানুষ বা অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে এতে সেন্সর রয়েছে। চালক গাড়িতে উঠে ব্রেক প্যাডেলে পা রাখলে দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আইএক্স৫ ৬০ এক্সড্রাইভ সংস্করণে রয়েছে ৫৭০ অশ্বশক্তির মোটর এবং ৫৯৩ পাউন্ড-ফুট টর্ক। এতে ম্যাসাজ সুবিধাযুক্ত আসন, ১৭ দশমিক ৯ ইঞ্চির টাচস্ক্রিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীও থাকছে। ‘সিমবায়োটিক ড্রাইভ’ প্রযুক্তি মহাসড়কে গতি নিয়ন্ত্রণ ও লেন পরিবর্তনে চালককে সহায়তা করবে।

গাড়িটিতে রয়েছে ১৪৪ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি। উপযুক্ত চার্জার ব্যবহার করে মাত্র ২২ মিনিটে চার্জ ১০ থেকে ৮০ শতাংশে নেওয়া সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার আনুষ্ঠানিক পাল্লা পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি।

বিএমডব্লিউর এক প্রকৌশলী সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ৫০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছেন বলে জানানো হয়েছে। যাত্রা শেষে গাড়িতে আরও প্রায় ৫০ মাইল চলার মতো চার্জ অবশিষ্ট ছিল।

যুক্তরাষ্ট্রের বাজারে আইএক্স৫-এর প্রারম্ভিক দাম ৭৯ হাজার ৮০০ ডলার। দীর্ঘ পাল্লা, দ্রুত চার্জিং ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মডেলটি বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়াতে পারে। তবে এর নকশা ও প্রযুক্তির ব্যবহারিক সুবিধা ক্রেতাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা সময়ই বলে দেবে।