বলিউডে ফের আলোচনায় তারকা সন্তানদের প্রেমের সম্পর্ক। অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পালক তিওয়ারি ও সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, এর প্রভাব পড়েছে তাদের একসঙ্গে কাজের পরিকল্পনাতেও।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিন বছরেরও বেশি সময় একসঙ্গে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম ও পালক। বিচ্ছেদের সিদ্ধান্ত প্রথমে ইব্রাহিম নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে ঠিক কী কারণে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্রের দাবি, দুজনের বিচ্ছেদ হয়েছে বন্ধুত্বপূর্ণভাবে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা। আপাতত দুজনেই নিজেদের অভিনয় ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।

বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে করার কথা ছিল এমন কয়েকটি কাজ বাতিল হয়েছে। কিছু শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে দুজনকে একসঙ্গে বের হতে দেখার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর বিভিন্ন পার্টি, অনুষ্ঠান ও ছুটিতে একসঙ্গে দেখা গেছে তাদের। চলতি মাসের শুরুতেও রাজস্থানের রণথম্ভোরে বাঘের সাফারিতে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে।

যদিও কখনো নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করেননি তারা। বরং এক সাক্ষাৎকারে ইব্রাহিম পালককে নিজের ভালো বন্ধু বলে উল্লেখ করেছিলেন।

এদিকে বিচ্ছেদের খবর নিয়ে এখনো ইব্রাহিম কিংবা পালক কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।