একই নাম, কিন্তু গল্প একেবারেই আলাদা। নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূরের অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিল ‘আনন্দ অশ্রু’। এবার সেই পরিচিত নামেই বড় পর্দায় আসছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’।
পরিচালক জানিয়েছেন, নতুন সিনেমাটি পুরোনো ছবির সিক্যুয়েল কিংবা রিমেক নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত। সিনেমায় মাহিকে দেখা যাবে শিরিন চরিত্রে, আর সাইমন অভিনয় করেছেন ফরহাদ চরিত্রে। ভালোবেসে এই জুটির নাম দেওয়া হয়েছে ‘শিরি-ফরহাদ’।
গল্পের বিশেষত্ব তুলে ধরে পরিচালক বলেন, সাধারণত নায়ক-নায়িকার বিয়ে দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। কিন্তু এই সিনেমার গল্প শুরুই হয়েছে তাদের বিয়ের পর থেকে। তাঁর ভাষায়, ‘সবার গল্প যেখানে শেষ, আমাদের গল্প সেখানে শুরু।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে থাকছেন জয় চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও জাকের খান মজলিস। নতুন সংগীতায়োজনে থাকছে রাধারমণের জনপ্রিয় গান ‘ভ্রমর কইও গিয়া’।
পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। এখন দেখার বিষয়, পুরোনো নামের আবেগ আর নতুন গল্প নিয়ে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’ দর্শকের মন জয় করতে পারে কি না।

মন্তব্য করুন