রিকশা চালিয়ে সিনেমার প্রচার, ঠেলাগাড়ি ঠেলে দর্শক টানার চেষ্টা—ব্যতিক্রমী সব কর্মকাণ্ডে বারবার আলোচনায় এসেছেন অভিনেতা রাসেল মিয়া। এবার হঠাৎ চলচ্চিত্র ও নাটকের জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কী ঘটেছে তাঁর জীবনে?

বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাসেল মিয়া লেখেন, ‘আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’

এরপর অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে তিনি লেখেন, আজ থেকে চলচ্চিত্র ও নাটকের সব ধরনের কাজ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন। তবে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানিয়েছেন তিনি।

কিন্তু ‘আল্লাহর কাছে গিয়েছিলাম’ বলতে কী বোঝাতে চেয়েছেন, কিংবা তাঁর জীবনে ঠিক কী ঘটেছে—এ বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।

২০২২ সালে ‘ভাইয়ারে’ সিনেমার মাধ্যমে বড় পরিসরে আলোচনায় আসেন রাসেল মিয়া। সিনেমাটির প্রচারে কখনো রিকশা চালানো, কখনো ঠেলাগাড়ি ঠেলার মতো কর্মকাণ্ড তাঁকে আলোচনার পাশাপাশি বিতর্কেও জড়ায়। সিনেমাটিকে ‘পাপমুক্ত’ এবং অজু করে দেখার উপযোগী বলেও প্রচার করেছিলেন তিনি।

পরে ‘গোয়ার’ সিনেমায় অভিনয় এবং এফডিসির সামনে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেও আলোচনায় আসেন রাসেল। ব্যক্তিজীবন ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরেও বিভিন্ন সময় সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

তবে এবার তাঁর ঘোষণায় সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সাময়িক বিরতি, নাকি অভিনয়জীবনের চূড়ান্ত বিদায়? রাসেল মিয়ার কাছ থেকে এখনো এর স্পষ্ট উত্তর মেলেনি।