নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।
একই সঙ্গে এসব পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মূল লক্ষ্য রমজানে বাড়তি চাহিদার বিপরীতে বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।
এর আগে রমজান উপলক্ষে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সেই নির্দেশনার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়।
নতুন নির্দেশনার ফলে আমদানিকারকদের জন্য এলসি খোলা সহজ হবে এবং রমজানের আগেই প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ওপর বাড়তি দামের চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন