নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি তাঁদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দুটি মেডিকেল বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তাঁরা শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর আশা, তাঁরাও সুস্থ হয়ে উঠবেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ভবনের লাইব্রেরি পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ ঘটনায় অসুস্থ ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের কারও শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। তবে ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।