বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এতে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন আইজিপি। পাশাপাশি দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেন।
এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।


মন্তব্য করুন