বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। তাঁর প্রত্যর্পণের আবেদনকে আইনি ও বিচার বিভাগীয় বিষয় হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত বাংলাদেশের পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার আওতাভুক্ত। সেই অনুযায়ীই এটি এগিয়ে নেওয়া হবে।

এ সময় ভ্রমণ নথি বা পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি বিষয়। মানুষের আন্তর্জাতিক যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। তাঁর শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

ভারতের সর্বশেষ বক্তব্যের পর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে দুই দেশের কূটনৈতিক মহলের।