তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আশুলিয়া, সাভারসহ সংশ্লিষ্ট অঞ্চলের উৎপাদন চালাতে ব্যর্থ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। রোববার ১৫ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার রাজধানীর উত্তরায় এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বেশ কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
তার দাবি, বাইরের উসকানিতে কিছু শ্রমিক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি এক কারখানার শ্রমিকেরা অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিজিএমইএ সভাপতির তথ্যমতে, চলমান পরিস্থিতিতে সংগঠনটির সদস্যভুক্ত ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। এতে রপ্তানি আয় ও দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মালিকপক্ষের ভাষ্য, কারখানার নিরাপত্তা ও স্বাভাবিক উৎপাদন পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট অঞ্চলের উৎপাদন চালাতে ব্যর্থ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ চেয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। একই সঙ্গে সংকট সমাধানে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

মন্তব্য করুন