শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের সম্ভাব্য প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটির পক্ষ থেকে ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশের আইনে এমন কোনো সুযোগ নেই। প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই তার বিচার সম্পন্ন হয়েছে। আইন অনুযায়ীই সাজা কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে নতুন করে আলোচনা শুরু হয়। ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার মতো কয়েকটি শর্ত বিবেচনা করতে পারে। পাশাপাশি তার নিরাপত্তার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যমান আইন ও বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নতুন করে বিচারের সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় তার আপিলের সুযোগ শেষ হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।