নিহতের নাম রফিকুল ইসলাম রুবেল। বয়স ৫০ বছর। শনিবার রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়ে মাকে নিয়ে নানাবাড়িতে চলে যায়। এরপর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন তিনি। তবে প্রতিদিন খাবার খেতেন বড় ভাইয়ের বাড়িতে।
শনিবার রাতে খাবার খেতে না যাওয়ায় রফিকুলকে কয়েকবার ফোন করেন স্বজনরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তার বড় ভাই। আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির দরজার সামনেই পড়ে থাকতে দেখেন রফিকুলের নিথর দেহ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার দুই হাত বাঁধা ছিল এবং বাম চোখে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। রোববার মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা রয়েছে।
তবে একা বসবাস করা এই প্রবাসীকে কারা, কী কারণে হত্যা করেছে—তা এখনো রহস্যই রয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন