চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেছে বিমানটি। প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টানা ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে উড়েছে এটি।

রোববার (১৫ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ (CE-25A) মডেলের বিমানটিতে পরীক্ষামূলক উড্ডয়নের সময় দুজন পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। মূলত স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে এই উড়োজাহাজ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ ও বার্তা সংস্থা সিনহুয়া প্রথম এ উড্ডয়নের খবর প্রকাশ করে।

বিমানটিতে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক চালনা ব্যবস্থা। একসঙ্গে ১৯ জন যাত্রী বহনে সক্ষম উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এটি। সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলাচলের সক্ষমতাও রয়েছে বিমানটির।

বিমানটি নির্মাণে যৌথভাবে কাজ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক), ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান।

কোম্যাক জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এই সাফল্য চীনের বিমান চলাচল ও উড়োজাহাজ নির্মাণশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিমানটির উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা চালানো হয়। এরপর চালকবিহীন আরও ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে উড়োজাহাজটি।

তবে এখনো বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পায়নি বিমানটি। এ জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে টাইপ সার্টিফিকেশনের আবেদন করেছে নির্মাতা প্রতিষ্ঠান। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে যুক্ত হতে পারবে সিই-২৫এ।

বৈদ্যুতিক প্রযুক্তিনির্ভর এই বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন স্বল্প দূরত্বের আকাশপথে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।