রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে চার দুর্বৃত্ত। এতে প্রতিষ্ঠানটির দুই নেটওয়ার্ক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের একজনের বাম হাতে এবং অন্যজনের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যায় চার দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।