রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মিরপুর-১ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।