বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন-ডিএফসি) থেকে অর্থায়নের সুযোগ উন্মুক্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্তকে দুই দেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক ফল হিসেবে দেখছে ঢাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিক্রিয়ায় এ স্বাগত জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ সুযোগের ফলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।

মন্ত্রণালয় আরও জানায়, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। পাশাপাশি বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং শ্রমমান জোরদারে সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতিও এটি ইতিবাচক স্বীকৃতি।

বাংলাদেশ সরকার আশা করছে, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে দেশে বাস্তব বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগও সম্প্রসারিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় বলা হয়, এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে। পাশাপাশি দুই দেশের জনগণের জন্য পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি করবে।