পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বোর্ড চেয়ারম্যান বলেন, একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। মজুরি নিয়ে কোনো গুজব বা ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।