দেশের বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’-এর একটি খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, সরকারিকরণের বিবেচনায় আসতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

খসড়া নীতিমালায় শুধু প্রতিষ্ঠানের বয়স নয়, অবকাঠামো, জমি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব এবং শিক্ষার পরিবেশকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গম, দরিদ্র ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সরকারিকরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মালিকানায় পর্যাপ্ত ও নিষ্কণ্টক জমি থাকতে হবে। জমির মধ্যে খেলার মাঠের ব্যবস্থাও থাকতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের জন্য র‍্যাম্প থাকা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

গ্রন্থাগারের ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে পৃথক শর্ত। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ৩ হাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার এবং উচ্চমাধ্যমিক ও স্নাতক কলেজে অন্তত ১০ হাজার বই থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং প্রয়োজনীয় কম্পিউটারসহ স্বতন্ত্র আইসিটি ল্যাব রাখার প্রস্তাবও রয়েছে।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০২৫ সালের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএর নিবন্ধনধারী ও সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগের শর্তও রাখা হয়েছে।

সরকারিকরণের ক্ষেত্রে সব প্রতিষ্ঠান সমান সুযোগ পাবে না। আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা, দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার পাশাপাশি পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। আগের পাঁচ বছরের শিক্ষার্থীসংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফলও বিবেচনায় নেওয়া হবে।

তবে এসব শর্ত পূরণ করলেই কোনো প্রতিষ্ঠান সরকারিকরণের নিশ্চয়তা পাবে না। প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই করবে। এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে অর্থ বিভাগের সম্মতি প্রয়োজন হবে।

খসড়ায় বিশেষ পরিস্থিতিতে সরকারকে যেকোনো শর্ত শিথিল করে প্রতিষ্ঠান সরকারিকরণের ক্ষমতা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। সরকারিকরণ হলে প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জনবল সরকারের অধীনে পরিচালিত হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের জন্য একটি সুনির্দিষ্ট ও অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়াটি চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যালোচনা করবেন। প্রয়োজন অনুযায়ী শর্ত সংযোজন বা পরিবর্তনের সুযোগও থাকবে।

অর্থাৎ, প্রস্তাবিত নীতিমালা চূড়ান্ত হলে বেসরকারি স্কুল-কলেজ সরকারিকরণের ক্ষেত্রে বয়স থেকে শুরু করে অবকাঠামো, শিক্ষার মান ও প্রশাসনিক সক্ষমতা—সবকিছুই আসবে নির্দিষ্ট যাচাই-বাছাইয়ের আওতায়।