ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্ট ঘিরে এই আলোচনা শুরু হয়। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে শুধু ‘নেক্সট’ লিখেছেন তিনি। এরপর থেকেই অনেকে ধারণা করছেন, ‘মোহাব্বাত’ সিনেমার সম্ভাব্য নায়িকা হতে পারেন এই বলিউড অভিনেত্রী।

এর আগে শাকিব খানের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীকে নেওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের বক্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের যৌথ উদ্যোগে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায়ও বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। ফলে নতুন সিনেমাতেও আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন ভক্তরা।

তবে কিয়ারা আদভানির সঙ্গে শাকিব খানের অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি সিনেমার নির্মাতা বা প্রযোজকরা।