যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুবই জটিল প্রকৃতির মানুষ’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রায় ভেস্তে যেতে বসেছিল।

রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা আসার পর এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক হামলার সমালোচনা করে ট্রাম্প বলেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছিল। নেতানিয়াহুকে উল্লেখ করে তিনি বলেন, তিনি একজন জটিল মানুষ।

তবে একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলার পথ বেছে নিতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার চাপেই ইরান আলোচনায় রাজি হয়েছে। তিনি বলেন, তারা আর তৃতীয় দফার হামলা চায়নি। তারা নিজেদের জীবন নিয়ে ভাবে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপই চুক্তি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সংঘাতের পর এখন ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার কথা। ট্রাম্প জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে।