https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি তিনজনের মধ্যে হামের উপসর্গ ছিল। চার শিশুই ঢাকায় মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে আরও ৯৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ৬৪ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৬৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯২৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৭১ হাজার ৪৬৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসা শেষে ৬৭ হাজার ৮৭৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৩৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, সর্দি বা চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।