বকেয়া বেতন ও বিভিন্ন ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের কয়েকশ শ্রমিক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় এ কর্মসূচি শুরু হলে তেজগাঁও, মহাখালী ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ, নাসা গ্রুপের অধীন নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড এবং ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা এখনো মে মাসের বেতন পাননি। এছাড়া ২০২৫ সালের ছুটির টাকা, এরিয়া বিল, নোটিশ পে এবং অন্যান্য বকেয়া পাওনা পরিশোধেরও দাবি জানান তারা।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রম আইন অনুযায়ী তাদের সব বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতাও নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া চাকরিচ্যুত বা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের শতভাগ সার্ভিস বেনিফিট পরিশোধ এবং পাওনা আদায়ের আন্দোলনে কোনো ধরনের হয়রানি, মামলা বা ভয়ভীতি প্রদর্শন না করারও আহ্বান জানান।
এদিকে সড়ক অবরোধের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। তাদের রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হলেও তারা সাড়া দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের দাবি পূরণে কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন