https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। চোটের কারণে মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
এবার জানা গেছে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও পরবর্তী দুই ম্যাচে নেইমারকে পাচ্ছেন না। এমনকি বিশ্বকাপের বাকি অংশে তিনি মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ—২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে—দুটিতেই মাঠের বাইরে থাকতে পারেন নেইমার।
সম্প্রতি তার নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। এতে চোটের অবস্থা নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।
সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও নেইমার মাঠে না গিয়ে হাসপাতালে পরীক্ষা করিয়েছেন। ফলে তার দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসকেরা নকআউট পর্ব শুরুর আগে নেইমারকে পুরোপুরি সুস্থ করে তুলতে কাজ করছেন। সে ক্ষেত্রে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিশ্চিতভাবেই মিস করতে পারেন তিনি।
মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কোচ বলেছিলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে পুরোপুরি যোগ দেওয়ার আশা করা হচ্ছে।
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগে চাপ বেড়েছে। তাই নকআউট পর্বের আগে তার সুস্থ হয়ে ওঠা এখন দল ও সমর্থকদের সবচেয়ে বড় প্রত্যাশা।