https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপ জে-র ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচটি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসরে নেমেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে খুব কম দলই শিরোপা ধরে রাখতে পেরেছে, আর সেই বিশেষ তালিকায় নাম লেখানোর লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছে আলবিসেলেস্তেরা। একই গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান।
অন্যদিকে, ২০১৪ সালের পর আবার বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে আলজেরিয়া। আফ্রিকার এই দলটি বড় প্রতিপক্ষের বিপক্ষেও সংগঠিত ফুটবল ও লড়াকু মানসিকতার জন্য পরিচিত। ফলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হওয়ার সম্ভাবনা নেই।
দুই দলের ইতিহাসও বেশ আকর্ষণীয়। আর্জেন্টিনা ও আলজেরিয়া এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের ৫ জুন স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচটি ছিল গোলবন্যার এক দুর্দান্ত লড়াই।
সেদিন আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন লিওনেল মেসি। তরুণ মেসি করেছিলেন জোড়া গোল। ম্যাচের শুরুতে আর্জেন্টিনা বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও আলজেরিয়া বারবার ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তোলে। মরুর যোদ্ধারা আক্রমণে দারুণ ধার দেখিয়ে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটিকে চাপে রেখেছিল পুরো ম্যাচজুড়ে।
শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে ৪-৩ গোলের জয় পায় আর্জেন্টিনা। সাত গোলের সেই ম্যাচ আজও দুই দলের একমাত্র সাক্ষাৎ হিসেবে স্মরণীয় হয়ে আছে।
প্রায় দুই দশক পর আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। তবে এবার মঞ্চটা অনেক বড়—বিশ্বকাপ। অতীতের সেই গোলবন্যার স্মৃতি নতুন করে ফিরবে, নাকি বর্তমান চ্যাম্পিয়নদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে আলজেরিয়া—সেটিই এখন দেখার অপেক্ষা।