https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের ষষ্ঠ আসরেও ইতিহাস গড়ে চলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মঙ্গলবার কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন তিনি।
এই ম্যাচে তিন গোল করে মেসি নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন। ফলে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, পরিবার, সতীর্থ এবং যারা সবসময় পাশে থেকেছেন, তাদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনার বর্তমান পারফরম্যান্স নিয়ে আশাবাদী মেসি। তিনি বলেন, দলটি অত্যন্ত ঐক্যবদ্ধ ও শক্তিশালী। কঠিন ম্যাচগুলো জয়ের সক্ষমতা রয়েছে এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাও গুরুত্বপূর্ণ ছিল।
এ সময় সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান আর্জেন্টিনা অধিনায়ক। তিনি বলেন, সমর্থকেরা আবারও প্রমাণ করেছেন আর্জেন্টিনার ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয়। তাদের সমর্থনেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল এবং দল বাড়তি অনুপ্রেরণা পেয়েছে।