বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। খসড়া অভিযোগপত্রে নাম থাকা বাংলাদেশি ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি আলী আকবর খান বলেন, এটি একটি জটিল ও প্রযুক্তিনির্ভর মামলা হওয়ায় তদন্তে দীর্ঘ সময় লেগেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সহযোগিতা এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় অনুমোদন পাওয়ার প্রক্রিয়ার কারণে তদন্ত শেষ করতে সময় বেশি লেগেছে। তবে এখন তদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে এবং শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।
তিনি আরও জানান, অভিযোগপত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারের বিষয়টিও সিআইডির বিবেচনায় রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া অভিযোগপত্রে সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের নয়জন কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। অভিযোগে দায়িত্বে অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ঘটনার পর যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, মামলায় মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান, ফিলিপাইনের ৩৬, উত্তর কোরিয়ার ২, চীনের ৩, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪ এবং জাপানের ১ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম রয়েছে।
তদন্তে বলা হয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে হ্যাকাররা এই অর্থ সরিয়ে নেয়। ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে এবং শুরু থেকেই মামলাটির তদন্ত করছে সিআইডি।
তদন্তে আরও উঠে এসেছে, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন এবং ঘটনার পর যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। এসব বিষয় অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন