ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাজনিত কার্যক্রমের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে তাকে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মতামত চেয়েছিল।

তদন্তে মোবাইল ফোনের ফরেনসিক তথ্য পর্যালোচনায় চিত্রনায়িকা পরীমনি-র বাসায় বিভিন্ন সময়ে গোলাম সাকলায়েনের অবস্থানের তথ্য পাওয়া যায় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়টিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে সাভারের বোট ক্লাবকেন্দ্রিক আলোচিত মামলার তদন্ত চলাকালে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে পরীমনিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার সঙ্গে গোলাম সাকলায়েনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় পুলিশ বাহিনীতে তার চাকরিজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।