রাজধানীর মিরপুরে এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট।

বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ নম্বর এলাকার শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো. তুহিনুর রহমান হঠাৎ এক নারীর চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। সেখানে তিনি দেখতে পান, এক ব্যক্তি নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছে।

পরিস্থিতি বুঝে দ্রুত তাকে ধাওয়া করেন ওই পুলিশ কর্মকর্তা। ধাওয়ার এক পর্যায়ে ছিনতাইকারী মোবাইল ফোনটি রাস্তায় চলমান একটি বাসের নিচে ফেলে দেয়। তবে এরপরও সার্জেন্ট তুহিনুর রহমান তাকে ধাওয়া করে ধরে ফেলেন।

পরে বাসের নিচ থেকে মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।