মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মিত্র যুক্তরাষ্ট্রই এবং এই বাস্তবতা উপেক্ষা করা উচিত নয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ইসরায়েলি নেতৃত্বের কিছু অংশ যদি মনে করে তাদের প্রধান সমস্যা যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট, তবে এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন চিন্তা। বাস্তবতাকে অনুধাবন করার এখনই সময়।
তিনি আরও বলেন, ইসরায়েলকে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা নীতি নির্ধারণে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে, যেখানে শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়।
লেবাননে সাম্প্রতিক হামলা ও বেসামরিক প্রাণহানির বিষয়ে সমালোচনা করে ভ্যান্স বলেন, যারা হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক মন্তব্যে তিনি ইসরায়েলি কট্টরপন্থী দুই মন্ত্রী—ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, আপনারা ৯ মিলিয়নের একটি দেশ পরিচালনা করছেন—শুধু সামরিক শক্তি দিয়ে সব নিরাপত্তা সংকট সমাধান করা সম্ভব নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। ওই চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিল ও বড় অর্থনৈতিক সহায়তার বিষয় থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র নীতিতে সীমাবদ্ধতা থাকবে কি না—তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

মন্তব্য করুন