ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও প্রস্থানে নৌযান চলাচলের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, আরব উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানি বন্দরগুলোতে বাণিজ্যিক ও নৌযান চলাচলে এখন আর মার্কিন বাহিনীর কোনো বাধা নেই। ফলে ওই অঞ্চলে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তবে অবরোধ প্রত্যাহার করা হলেও মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ওই এলাকায় বজায় থাকবে বলে জানানো হয়েছে। সেন্টকমের মতে, চলমান সমঝোতা চুক্তির সব শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ করতেই এ উপস্থিতি অব্যাহত রাখা হয়েছে।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি কার্যকর হয়, যেখানে সামরিক উত্তেজনা হ্রাস, নৌচলাচল স্বাভাবিক করা এবং পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে ৬০ দিনের আলোচনার পথ খোলা রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন