https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
লেবাননে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে তীব্র হয়ে ওঠা সংঘাত প্রশমনের আশা তৈরি হয়েছে।
যুদ্ধবিরতির আগে বৃহস্পতিবার রাতভর লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হন।
অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। চলমান সংঘাতে এটি হিজবুল্লাহর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক সহিংসতা মধ্যপ্রাচ্যে বৃহত্তর অস্থিরতার আশঙ্কা তৈরি করেছিল এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক প্রচেষ্টার ওপরও চাপ সৃষ্টি করেছিল। পরিস্থিতির অবনতির কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকও বাতিল করা হয়।
সূত্র জানায়, ইরান হিজবুল্লাহকে জানিয়েছিল যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।
নতুন সমঝোতার আওতায় লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ রাখার বিষয়ে অঙ্গীকার করা হয়েছে।