কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ সতর্কবার্তা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন—শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়। পরবর্তীতে একই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অস্ত্র বা সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।