https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু একই, সেসব বিষয়েও একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় সমতা ও মূল্যায়নের মানোন্নয়নের লক্ষ্যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন বকেয়া থাকার বিষয়েও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা, পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।