https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফ্রান্স ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আপ্যায়ন করাতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বৃহস্পতিবার ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর আঁতিবে অনুষ্ঠিত হবে দুই নেতার গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।
২০২১ সালে স্বাক্ষরিত কৌশলগত সহযোগিতা চুক্তি কার্যকর হওয়ার পর এটি দুই নেতার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। ওই চুক্তির মাধ্যমে ফ্রান্স-ইতালি সম্পর্ককে ফ্রান্স-জার্মানি সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রতিরক্ষা, পারমাণবিক জ্বালানি, মহাকাশ প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। বৈঠকটি অনুষ্ঠিত হবে ভূমধ্যসাগর উপকূলের ভিলা আইলেনরে।
ইউরোপপন্থী মধ্যপন্থী নেতা মাখোঁ এবং ডানপন্থী জোটনেতা মেলোনির মধ্যে অতীতে নানা বিষয়ে মতবিরোধ থাকলেও সাম্প্রতিক সময়ে তারা সম্পর্কের উষ্ণতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে গত বছরের জুনে রোমে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কিছুটা ইতিবাচক দিকে এগিয়েছে।
বিশ্লেষকদের মতে, মেলোনি দীর্ঘদিন ধরে নিজেকে ইউরোপ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিভিন্ন বক্তব্য ও অবস্থানের সমালোচনা করে তিনি কিছুটা দূরত্ব তৈরি করেছেন।
কিছু আন্তর্জাতিক ইস্যুতে মাখোঁ ও মেলোনির অবস্থান কাছাকাছি হলেও অভিবাসন নীতি এবং ইউক্রেন সংকট নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মেলোনি ইউক্রেনে ইতালীয় সেনা পাঠানোর বিরোধিতা করেছেন, যেখানে ফ্রান্স নিরাপত্তা সহযোগিতার বিষয়ে তুলনামূলকভাবে বেশি সক্রিয় অবস্থানে রয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি রোডম্যাপ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ইউরোপীয় স্যাটেলাইট নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে নতুন চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। এই প্রকল্পকে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক-এর স্টারলিংক নেটওয়ার্কের সম্ভাব্য ইউরোপীয় বিকল্প হিসেবে দেখা হচ্ছে।