https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ছিল। তবে আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ আরও অনেকে।
বর্তমানে মামলার চারজন আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান রয়েছেন। এছাড়া ১০ জন আসামি জামিনে রয়েছেন বলে জানা গেছে।