ঢাকা
২১ জুলাই ২০২৬

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী-পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান দেশের শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এখন সময়ের দাবি।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রায় ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও আইসিইউ সুবিধার ৮০ থেকে ৯০ শতাংশ রাজধানী ও বড় শহরকেন্দ্রিক। বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ১ দশমিক ৭টি আইসিইউ শয্যা এবং ৯টি সাধারণ হাসপাতালের শয্যা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলাতেই কোনো আইসিইউ নেই।

তিনি বলেন, এই বৈষম্যের কারণে প্রত্যন্ত অঞ্চলের নবজাতক, গর্ভবতী নারী, নিউমোনিয়া, স্ট্রোক বা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে প্রাণ হারানোর ঝুঁকিতে থাকেন।

তিনি আরও বলেন, দেশে শুধু আইসিইউ শয্যারই ঘাটতি নয়, অ্যানেসথেসিওলজিস্ট, হৃদরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ, দক্ষ নার্স এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামেরও তীব্র সংকট রয়েছে। সীমিত সক্ষমতার মধ্যেও সুপরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা বলেন, প্রত্যন্ত এলাকায় তাৎক্ষণিকভাবে আইসিইউ স্থাপন সম্ভব না হলেও আধুনিক লাইফ সাপোর্ট সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুরুতর রোগীদের দ্রুত জেলা হাসপাতালে পৌঁছে দেওয়া গেলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব।

দেশের চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, সীমিত অবকাঠামো ও সুযোগ-সুবিধার মধ্যেও চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে অসংখ্য রোগীর জীবন বাঁচিয়ে চলেছেন।

অনুষ্ঠানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএসসিসিএমের সভাপতি অধ্যাপক ডা. আরিফ আহসান, সাধারণ সম্পাদক ডা. মো. জাফর ইকবালসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031