বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ে নিশ্চিত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ইউরোপের দলটির অনন্য এক রেকর্ড। শুধু ব্রাজিলই নয়, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও আন্তর্জাতিক ফুটবলে কখনো নরওয়েকে হারাতে পারেনি।

ফুটবল ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই পরাশক্তির বিপক্ষেই অপরাজিত থাকার বিরল কৃতিত্ব রয়েছে আর্লিং হালান্ডের দেশের। ব্রাজিলের বিপক্ষে চার ম্যাচে নরওয়ে দুটি জয় পেয়েছে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে দুই ম্যাচ খেলেই দুটিতেই জয় তুলে নিয়েছে নরওয়েজিয়ানরা।

দুই দলের প্রথম দেখায় ১৯৮৬ সালের মে মাসে অসলোতে প্রীতি ম্যাচে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় নরওয়ে। সেই বছরই অবশ্য মেক্সিকো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে আর্জেন্টিনা।

এরপর ২০০৭ সালের আগস্টে আবারও অসলোতে মুখোমুখি হয় দুই দল। লিওনেল মেসিকে নিয়ে শক্তিশালী দল গড়েও সফল হতে পারেনি আর্জেন্টিনা। নরওয়ে সেবার ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখে।

এখন বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সামনে সেই নরওয়েই নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতের পরিসংখ্যান বলছে, ইতিহাস বদলাতে হলে এবারই প্রথম নরওয়ের বিপক্ষে জয় তুলে নিতে হবে সেলেসাওদের।