নকআউট পর্বে ভুলের সুযোগ নেই। হারলেই বিদায়, জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন সমীকরণ সামনে রেখে রবিবার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে একসঙ্গে এসেছে স্বস্তি ও দুশ্চিন্তার খবর। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা তারকা রাফিনহা। তবে তিনি এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন এবং নরওয়ের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম।
শুক্রবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনের প্রথম ১৫ মিনিটে রাফিনহাকে কেবল হালকা অনুশীলন করতে দেখা যায়। দলের মেডিকেল বিভাগ আশা করছে, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।
অন্যদিকে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে লুকাস পাকেতার চোট। জাপানের বিপক্ষে ম্যাচে বাঁ ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই মিডফিল্ডারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে।
পাকেতার অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তির সামনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তার জায়গায় শুরুর একাদশে এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা দানিলোর মধ্যে কাউকে সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে বিশ্রামের পর অনুশীলনে ফিরেছেন রায়ানও, যা ব্রাজিলের জন্য ইতিবাচক খবর।
নরওয়েকে হারাতে পারলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মেক্সিকো অথবা ইংল্যান্ড।
অ্যালিসন বেকার (গোলরক্ষক); দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস; দানিলো সান্তোস/গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, ম্যাথিউস কুনহা; ভিনিসিয়ুস জুনিয়র।

মন্তব্য করুন