দীর্ঘদিন ধরে বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় তিনি বলেন, দীর্ঘদিন অচল থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে এসব শিল্পপ্রতিষ্ঠান চালু করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্পখাতে গতি ফিরবে।

সভায় জানানো হয়, বন্ধ ও অলাভজনক বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কলকারখানায় বিনিয়োগে ইতোমধ্যে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তারা বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে। এসব প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সময়োপযোগী ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়ে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, স্থবির শিল্পসম্পদকে উৎপাদনমুখী সম্পদে রূপান্তর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।