বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও আনা হয়েছে ব্যাপক রদবদল।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একাধিক ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি)।
এদিন পৃথক আদেশে ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

মন্তব্য করুন