রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ১৬ বার পঠিত
ছবি: -সংগৃহীত
রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৫৪ জন, মিরপুরে ৪১ জন, গুলশানে ২১ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি জিপ, ১৩টি মোবাইল ফোন, একটি ছুরি, দুটি অ্যান্টিকাটার, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।