যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১১টি বিমান কেনার চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে অভিনন্দন। তার মতে, এ চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন, যাতে উভয় দেশই লাভবান হবে।

রাষ্ট্রদূত জানান, নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তিটি স্বাক্ষরের কথা রয়েছে।